কাশিপুর মোল্লাবাড়ি সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
মে ০২ ২০২৬, ১৮:৩৬
স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়ি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাবাড়ি সড়কের সিমেন্টের পুল থেকে নিলখোলা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কোথাও কোথাও ইটসলিং থাকলেও তার অধিকাংশই উঠে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয় এবং চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এমন দুরবস্থার কারণে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. আলম মোল্লা বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তাটার কোনো সংস্কার হয় না। একটু বৃষ্টি হলেই হাঁটা যায় না, কাদা আর পানিতে ভরে যায়। আমাদের চলাচল খুব কষ্টকর হয়ে পড়ে।”
অপর বাসিন্দা মো. কৃদ্দুস মোল্লা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু দেখার কেউ নেই। জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও কোনো কাজ হয়নি।”
হনুফা বেগম জানান, “বাচ্চাদের স্কুলে পাঠাতে খুব ভয় লাগে। কাদার মধ্যে পড়ে গিয়ে অনেক সময় আহত হয়। দ্রুত রাস্তাটা ঠিক করা দরকার।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।










































