স্টাফ রিপোর্টার : মাসব্যাপী চলমান জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। এ কর্মসূচিতে প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার (১০ মে) বরিশাল সিটি করপোরেশনের মিডিয়া সেলে দেয়া তথ্যের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, ক্যাম্পেইনে মোট লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৫০৬ শিশু। এর মধ্যে টিকা প্রদান করা হয়েছে ৪৩ হাজার ৪৫২ শিশুকে। সাফল্যের হার দাঁড়িয়েছে প্রায় ১০০ শতাংশ, যা ৯৯ দশমিক ৮৮ শতাংশ।
বরিশাল সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর অধিকাংশ শিশু সফলভাবে হাম-রুবেলা টিকার আওতায় এসেছে। তবে যেসব শিশু এখনো টিকা নিতে পারেনি, তাদের জন্য আগামী ১০ দিন নির্দিষ্ট কেন্দ্রে টিকা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
এদিকে মাসব্যাপী এ টিকা কার্যক্রমের সাফল্যের জন্য বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশালের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার কারণেই বরিশাল নগরীতে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।