পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

জুন ০২ ২০২৬, ১৮:৪৩

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক অনি সিকদার উপজেলার বাগড়ি বাজার এলাকার মো. শাহজাহান সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী মো. আবুল হোসেন তালুকদারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার জানান, মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে অনি সিকদার কেওতা বাজারে আসেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অনি সিকদারকে হেফাজতে নেয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”