ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

জুন ০৪ ২০২৬, ১৯:০৩

ভোলা প্রতিনিধি : ভোলা শহরের উকিলপাড়া এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতু (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ভবনটির পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

মৃত সুমাইয়া আক্তার মিতু দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের চডার মাথা এলাকার বশির উদ্দিনের মেয়ে। তিনি ভোলা শহরের ব্যবসায়ী মো. সোহাগের স্ত্রী। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে বিভিন্ন সময় কলহ ও বিরোধের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অতীতে থানায় লিখিত অভিযোগও করেছিলেন মিতু।

মিতুর মা জানান, বৃহস্পতিবার সকালে তাঁর জামাতা ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি কক্ষে খাটের ওপর মিতুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিতু পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। তাদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।

এদিকে একমাত্র মেয়ের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন বাবা-মাসহ স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মেয়েকে হারানোর বেদনায় বারবার অসুস্থ হয়ে পড়েন বাবা বশির উদ্দিন।

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।