কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে পরিচ্ছন্নতা অভিযান

জুন ০৫ ২০২৬, ১৯:২১

মহিপুর প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা ২০২৬’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও সিওএএলএস গ্লোবাল।
কর্মসূচিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়ে সৈকত পরিচ্ছন্ন রাখতে সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার আবু ইউসুফ, বিপিএম (সেবা) এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
এছাড়া ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ আহাদুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি। কুয়াকাটার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, পর্যটক ও তরুণ সমাজকে আরও সচেতন হতে হবে। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কুয়াকাটা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে সিওএএলএস গ্লোবালের পক্ষে প্রতিনিধিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন মাজিদ। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল।
বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনের মাধ্যমে কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত ও পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।