নলছিটিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

জুন ০৫ ২০২৬, ১৯:০৫

Oplus_16908288

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে নলছিটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন নলছিটি মডেল মসজিদের ইমাম মুফতি আতিকুর রহমান, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবু সালেহ, চঞ্চল হোসেন, মামুন হাওলাদার এবং শহীদ ওসমান হাদির ছোট ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদার।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় চলমান তদন্তের অগ্রগতি জনসমক্ষে প্রকাশ এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।