বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার 

জুন ০৩ ২০২৬, ২০:১৯

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর ৩শ তলায় থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারী বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪) ও তার দুই কন্যা সন্তান আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৪)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের স্ত্রী ও সন্তানদের সনাক্ত করেছেন দুলাল চন্দ্র বিশ্বাস।
 এসময় দুলাল চন্দ্র বিশ্বাসের সাথে কথা বলে জানা গেছে, স্মৃতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডাকবাংলোর অন্যান্য কর্মচারীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের নির্দেশনা দেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে মৃত্যুর রহস্য উধঘটনের চেষ্টা করছে জেলা পুলিশের সদস্যরা।