পাতারহাট বন্দরের খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজীব আহসান

জুন ১৯ ২০২৬, ১৮:২৫

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করেছেন রাজীব আহসান।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে তিনি খালটি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় খালের বর্তমান অবস্থা, নাব্যতা সংকট, পানি প্রবাহে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং খাল পুনরুদ্ধার ও উন্নয়নের সম্ভাব্য কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, পাতারহাট বন্দর মেহেন্দিগঞ্জ উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। খালটি সচল ও নাব্য থাকলে নৌযান চলাচল আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

তিনি খালের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা খালটির উন্নয়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেন।