বরিশালে বিএনপি নেতা শফিকুলকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
জুলাই ১৯ ২০২৬, ২২:৫৯
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী গোলচত্বর এলাকায় স্থানীয় জনগণ ও শ্রমিকবৃন্দ (৫১৭)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা ভুক্তভোগী বিএনপি নেতা শফিকুল ইসলামের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
এর আগে গত বুধবার (১৫ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে হামলার শিকার হন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ও মহানগর টেম্পু শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম অভিযোগ করেন, বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় তার কেনা ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।
আদালত থেকে ফেরার পথে হাসপাতালের সামনে পৌঁছালে নুরুদ্দীন, সীমান্ত এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। হামলার সময় তার কাছে থাকা প্রায় ১ লাখ ৯৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে সীমান্ত, নুরুদ্দীনসহ নামীয় পাঁচজন এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উল ইসলাম জানান, ঘটনায় ভুক্তভোগীর মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








































