৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়

আগস্ট ১৫ ২০২৬, ২১:৫৭

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার ৬১নং মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি হাওলাদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন হোসেন সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ইউপি সদস্য মো. শওকত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, দূর-দূরান্ত থেকে আগত অভিভাবক এবং বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সহকর্মী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা মো. আব্দুল গনি হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে এমন জমকালো ও সম্মানজনক আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এলাকাবাসী বলেন, একজন শিক্ষকের কর্মজীবনের শেষ সময়ে এমন সম্মানজনক বিদায় সত্যিই প্রশংসনীয়। এ আয়োজন ভবিষ্যতেও স্থানীয়ভাবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।