বরিশালে খালেদা জিয়ার জন্মদিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আগস্ট ১৫ ২০২৬, ২২:০২
স্টাফ রিপোর্টার : বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশালে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল জেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস বরিশাল জেলা (দক্ষিণ) শাখার আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিশুরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








































