কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত: হেলাল

মার্চ ১৭ ২০২৫, ২১:৪২

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা যখন যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সেখানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। যার উৎকৃষ্ট উদাহরণ জামায়াতের দুইজন মন্ত্রী।

এ পরিশুদ্ধ লোক তৈরি হয়েছে তাকওয়া অর্জনে চেষ্টারত থাকার মাধ্যমে। আল্লাহর ভয় ব্যতীত কখনও মানুষের জীবনের পরিশুদ্ধতা আসতে পারে না। জামায়াতে ইসলামী মানুষকে পরিশুদ্ধ করতে চায় এবং এ পরিশুদ্ধ মানুষদের নিয়েই একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিরা ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে মানুষের কল্যাণ হয়নি, আল্লাহর দেওয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যতীত সমাজ কলুষতা মুক্ত হতে পারে না।

তিনি বলেন, গত বছরও মহানগর জামায়াত এ রকম ইফতার মাহফিল করতে চেয়েছিল কিন্তু প্রবল বাধায় সেটা হতে পারেনি। আজকে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল বাস্তবায়িত হচ্ছে। এখনো দেশে শৃঙ্খলা ফিরে আসেনি। জুলুম নির্যাতন এখনো চলমান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ-জাতির মঙ্গল এবং জাতীয় নেতাদের মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।