পলাশপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, একই পরিবারের চারজন সহ আহত ৬

নভেম্বর ০৯ ২০২৫, ০১:৩১

স্টাফ রিপোর্টার॥ পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকার ৬ নং গলিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আপন চৌধুরী বাবুর নেতৃত্বে এক হামলার ঘটনায় একই পরিবারের চারজন সহ অত্যন্ত ৬ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটে।

আহতরা হলেন – রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থী মোঃ মিজান সরদার (২৪) তার ভাই স্বপন সরদার (২৭) তার বাবা জাকির সরদার (৬৬), তার মা মাসুমা বেগম (৬১) ও একই এলকার মো: আলমগীর(৫৫) সহ আরো অনেকে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্বপন সরদারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মৃত জাফর চৌধুরীর ছেলে আপন চৌধুরী বাবুর নেতৃত্বে একই এলাকার আবুল কাশেম, তার ছেলে মোঃ রিয়ন, আবুল কাশেমের ভায়রা ছেলে রফিক, রিয়াজ, আসলামের ছেলে হৃদয়, মৃত বারেকের ছেলে ইসমাইল, মৃত আলতাবের ছেলে পারভেজ, বিউটির ছেলে শুভ, ইসলাম নগরের শহীদের ছেলে অপু, মৃত হাসানের ছেলে আরাফাত, অলির ছেলে আসলাম, মোহাম্মদপুরের আলমাস, সজল, সজীব সহ প্রায় ২০-২৫ জন সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে। এসময় তার পরিবারকে এলোপাথাড়ি মারধর করে। এছাড়া তার মায়ের কাপড়চোপড় টানা হেছড়া করে শীলতাহানি ঘটায়।

স্বপন আরও জানান, স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশ ও আর্মি ক্যাম্প কমান্ডারকে অবহিত করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত স্বপন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাউনিয়া থানা পুলিশ।