প্রিমিয়ার ব্যাংকের শাখারিয়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
জুলাই ১৯ ২০২৬, ২২:৩৪
oppo_34
আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া বাজারে প্রিমিয়ার ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, প্রবাসী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
রবিবার (১৯ জুলাই ) বিকেল ৪টায় শাখারিয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক পিএলসির কলাপাড়া শাখার নিয়ন্ত্রণাধীন শাখারিয়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবির সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আউটলেটের শুভ উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আহসানুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন আউটলেটের কার্যক্রমের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আবুল হাই হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, শাখারিয়া বাজার কমিটির সভাপতি শাহ জোমাদ্দার, সমাজসেবক জাহাঙ্গীর মৃধা, শাখারিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা মো. জলিল হাওলাদার, প্রিমিয়ার ব্যাংক পিএলসির কলাপাড়া শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান সর্দার, আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুন নাহার মুকুল এবং মানবাধিকার কর্মী ও আমতলী বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক বানী রানী সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সুজন–সুশাসনের জন্য নাগরিক, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক কাওসার মাতুব্বর, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সালেহ, প্রেসক্লাবের সদস্য শিউলি মালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, গ্রাহক এবং প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং এখন দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন এই আউটলেট চালুর ফলে শাখারিয়া বাজার ও আশপাশের এলাকার মানুষকে ব্যাংকিং সেবা গ্রহণের জন্য দূরবর্তী শহরে যেতে হবে না। এখন স্থানীয় পর্যায়েই নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে।
বক্তারা আরও বলেন, এ আউটলেটের মাধ্যমে হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, দেশীয় অর্থ স্থানান্তর, প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রহণ, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা বিতরণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি, ঋণের কিস্তি জমা, মোবাইল ব্যাংকিং-সংযুক্ত বিভিন্ন সেবা এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ করা যাবে।
ফলে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগোষ্ঠী আরও সহজে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিদর্শন করেন এবং এর সফল কার্যক্রম ও এলাকার সার্বিক উন্নয়ন কামনা করেন।








































