জনগণের সেবাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য: ডিসি

জুলাই ১৯ ২০২৬, ২২:৫৪

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য। জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রম আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, বরিশাল শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরীর নদী-খাল দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি অফিস প্রাঙ্গণ সবসময় পরিচ্ছন্ন ও বর্জ্যমুক্ত রাখার পাশাপাশি খালি জায়গায় বৃক্ষরোপণের নির্দেশনা দেন তিনি।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প, বিভিন্ন সরকারি সেবামূলক কার্যক্রমের অগ্রগতি এবং সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।