লালমোহনে নিজ ঘরে ফাঁস লাগানো শ্রমিকের লাশ উদ্ধার
জুলাই ১৯ ২০২৬, ২২:৫০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা ক্যাম্পাস সংলগ্ন দক্ষিণ পাশের একটি বসতঘর থেকে মোঃ আকবর নামে এক শ্রমিকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আকবরের পিতার নাম মোঃ হানিফ। আকবর তিন সন্তানের জনক। সে উপজেলায় বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতো। ১৯ জুলাই দুপুরের পর পারিবারিক কলহে রাগ করে নিজের বসতঘরের আড়ার সাথে ফাঁস লাগায়।
পরে তার দশ বছরের মেয়ের চিৎকারে স্থানীয়রা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে এবং একটি অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পদক্ষেপ নেয়া হবে।









































