আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর, স্ত্রীকে ৫ দিনের কারাদণ্ড
জুলাই ১৯ ২০২৬, ২২:৪৬
স্টাফ রিপোর্টার : বরিশালে আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধরের হুমকি ও বিশৃঙ্খল আচরণের অভিযোগে এক নারীকে তাৎক্ষণিক সামারি ট্রায়ালে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে যৌতুক-সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, যৌতুক-সংক্রান্ত একটি মামলার (সি.আর-৫৩৯/২০২৬, কোতোয়ালি) আসামি ফাতিমা মনিষা হাজিরা দিতে আদালতে আসেন। বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে আদালত থেকে বের হওয়ার সময় তিনি আদালতের সামনের বারান্দায় বাদী মো. সাজ্জাদ হোসেন ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সাজ্জাদ হোসেনকে মাথায় ইট দিয়ে হত্যার হুমকি দেন। ঘটনাটি আদালত প্রাঙ্গণে উপস্থিত একাধিক ব্যক্তির সামনেই ঘটে।
পরে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬(২) ধারায় লিখিত অভিযোগ দায়ের করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ তাৎক্ষণিক সামারি ট্রায়াল পরিচালনা করেন। বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ফাতিমা মনিষাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।









































