আইনজীবী রিপন হত্যা চেষ্টার প্রতিবাদে বরিশালে আইনজীবীদের মানববন্ধন

জুলাই ১৯ ২০২৬, ২২:৫৩

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. রিপনের ওপর নৃশংস হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। রোববার (১৯ জুলাই) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, অ্যাডভোকেট আনিচুর রহমান, অ্যাডভোকেট তারেক আল ইমরানসহ অন্যান্য আইনজীবীরা।

বক্তারা বলেন, অ্যাডভোকেট মো. রিপনকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও ড্রিল মেশিন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এমন ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা বলেন, একজন আইনজীবীর ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি আইন ও বিচারব্যবস্থার ওপরও আঘাত। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনের আয়োজন করে বরিশাল জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীবৃন্দ।