নেছারাবাদে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
জুলাই ১৯ ২০২৬, ২২:৫৬
নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ট্রলার ভ্রমণকালে পানিতে পড়ে মুইন সরদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে। সে গুঠিয়া আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েটের শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মুইন সরদার বন্ধুদের সঙ্গে পেয়ারা বাগান ঘুরতে এসে একটি ট্রলারে ভ্রমণ করছিলেন। ট্রলার চলন্ত অবস্থায় তিনি সামনের দিকে বসা ছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে হঠাৎ পানিতে পড়ে যান।
ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রলার থামিয়ে তার সঙ্গীরা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































